যশোরে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প: বাংলাদেশের যোগাযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইস্টাডিজের (বিআইআইএসএস) যৌথভাবে গতকাল এ সভা আয়োজন করে।
যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বারের সহসভাপতি মঞ্জুরুল আলম মুকুল, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, মোকসেদ আলী, পরিচালক কাসেদুজ্জামাস সেলিম, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বিআইআইএসএসের সিনিয়র রিসার্স ফেলো ড. রাজিয়া সুলতানা, রিসার্চ ফেলো তারেক হাসান, সানজিদা শাহাব উদ্দিন প্রমুখ।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, পদ্মা সেতুর সুফল আর্থিকভাবে যশোরের মানুষ ভোগ করতে পারছে না। কেননা বেনাপোল দিয়ে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য কার্যক্রম চলে। এখানকার পণ্যবাহী ট্রাকগুলোর সহজে যাতায়াতের জন্য বেনাপোল-নড়াইল-ভাঙ্গা সড়কটি চার লেনে উন্নীত করতে হবে। বেনাপোল থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করতে হবে। সেজন্য কমপক্ষে দুটি ট্রেন লাইন প্রয়োজন। অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংযোগ পেলে যশোর অঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। তখন যশোরের অর্থনৈতিক রূপ বদলে যাবে। বাড়বে কর্মসংস্থান।
সভায় বিআইআইএসএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. রাজিয়া সুলতানা বলেন, ‘আমাদের গবেষণা প্রতিষ্ঠানটি সরকারের পরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। পদ্মা সেতুর সুফল কাজে লাগিয়ে কীভাবে এ অঞ্চলের মানুষের উন্নয়ন ঘটানো যায়, সেটি তুলে ধরব সরকারের কাছে।’










