শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বর্তমান
পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার দেশের সব এজেন্সিকে ব্যবহার করেছে।
বিশেষ করে নরসিংদীর জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার সেনাবাহিনী, পুলিশ
বাহিনীসহ সরকারের সব সেক্টরকে কাজে লাগিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জরুরি
আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জেলখানায় যারা তাণ্ডব চালিয়েছে তারা
দেশকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে
এসে শাস্তির ব্যবস্থা করবে। এছাড়া আর কোনো পথ নেই। তবে জেলখানা থেকে জঙ্গি ছাড়া অন্যরা
যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের মধ্যে ৪৬৫ জন আত্মসমর্পণ করেছে, ৪১টি অস্ত্র উদ্ধার
হয়েছে।
জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এ সময় সদর আসনের সংসদ সদস্য
লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল
আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য
মাসুদা সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।










