বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিদ্যুৎ সরবরাহ কে করবে তা নিয়ে দ্বন্দ্ব এড়াতে বিতরণ কোম্পানি নির্দিষ্ট করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলের এ শিল্প নগরীতে বিদ্যুৎ সরবরাহ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। শিল্পনগরীতে গ্রাহকের চাহিদা মোতাবেক উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করবে সংস্থাটি। পাশাপাশি শিল্পনগরীতে অন্য কোনো বিতরণ কোম্পানি সংযোগ টানতে পারবে না বলেও মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
চট্টগ্রাম শিল্প এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং আরইবি দ্বন্দ্ব বহু পুরোনো। ফলে নতুন শিল্প নগরীতে গ্রাহক সংযোগ নিয়ে যাতে বিতরণ কোম্পানিগুলোর মধ্যে কোনো বিরোধ তৈরি না হয় সেজন্য এ নির্দেশনা দেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
শিল্প নগরীতে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহে এরই মধ্যে সেখানে ২৩০ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণ করেছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি)। আগামীতে আরো উচ্চক্ষমতার বিদ্যুৎ পেতে শিল্পকারখানাগুলোর যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ৪০০ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহজাহান বণিক বার্তাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে একক বিতরণ কোম্পানি হিসেবে বিদ্যুৎ সরবরাহ করবে আরইবি। এটি আরইবির ভৌগোলিক এলাকা। এখানে অন্য কোনো বিতরণ কোম্পানির বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই।
পিডিবির একটি সূত্র বলছে, চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে পিডিবি ও আরইবির দ্বন্দ্ব মামলা পর্যন্ত গড়িয়েছে। সেখানে গ্রাহক সংযোগ নিয়ে বিতরণকারী সংস্থা দুটির দ্বন্দ্বে শিল্প উদ্যোক্তারা ভোগান্তিতে রয়েছেন। নতুন শিল্প এলাকায় এ ধরনের দ্বন্দ্ব যাতে না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগ আগেই বিতরণ কোম্পানি নির্দিষ্ট করে দিয়েছে।
চট্টগ্রামের ভারী শিল্প-কারখানাগুলোয় পিডিবির পুরোনো সংযোগ বহুদিনের। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চসক্ষমতার গ্রিড সাবস্টেশন থাকায় সেখানকার শিল্পমালিকরা বরাবরই পিডিবির বিদ্যুৎকে নিরবচ্ছিন্ন মনে করে। পিডিবিও শিল্পমালিকদের এ দাবির সুযোগ নিয়ে আরইবির ভৌগোলিক এলাকায় গ্রাহক সংযোগ টেনেছে। তবে পল্লী বিদ্যুতের আওতাভুক্ত এলাকায় পিডিবির গ্রাহক সংযোগ বিদ্যুৎ বিভাগের নীতিমালার পরিপন্থী বলছে আরইবি।
চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীতে ৩০ হাজার একর জমিতে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।










