গতকাল জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ বক্তা ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রোয়ান উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

উপাচার্য বলেন, ‘গত দেড় দশকে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে।’ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‌নীতির প্রশ্নে আপস না করায় তাকেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে সহকর্মীদের সহযোগিতা ও ন্যায়বিচারের প্রতি আস্থাই তাকে দৃঢ় থাকতে সহায়তা করেছে।’

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রের মৌলিক ভিত্তি হলো সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু দীর্ঘদিন ধরে একক সিদ্ধান্তের সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থা এবং জনগণের মতামতকে উপেক্ষা করার প্রবণতা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। এ বাস্তবতার ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের জন্ম হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহস, আত্মত্যাগ ও জনগণের অংশগ্রহণ দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলেও পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

দর্শন বিভাগের উদ্যোগে কলাভবনের ২০২৮ নম্বর কক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পৃথক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ, শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।