পাবনায় সাবেক স্বামীর হাতে এক নৃত্যশিল্পী খুন হয়েছেন। মাত্র ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে নৃত্যশিল্পী শিরিনা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিনা আক্তার গাজীপুরের কালিয়াকৈর এলাকার বাচ্চু মিয়ার মেয়ে ও মাহমুদপুর গ্রামের সাদেকুর রহমানের সাবেক স্ত্রী। ঘটনার পর থেকে সাদেক পলাতক।

মালঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাহমুদপুর গ্রামের সাদেকুর রহমানের সঙ্গে প্রায় ২০ বছর আগে শিরিনা আক্তারের বিয়ে হয়। সাদেক দ্বিতীয় বিয়ে করায় বনিবনা হচ্ছিল না তাদের। দুই বছর আগে তাদের মাঝে ছাড়াছাড়ি হয়। এরপর শিরিনা আক্তার টেবুনিয়া কৃষি খামারের পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিয়ে বাড়িতে নাচ-গান করে জীবিকানির্বাহ করতেন। শনিবার রাতে সাবেক স্বামীর কাছে পাওনা ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন আনতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।