সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ বলেছেন, সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশপাশের মানুষের মধ্যে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কী করছেন, কী ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে? সর্বোপরি ভালো কিছুর চর্চা দেখতে চাই।
আজ রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে সামজসেবা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।
বিভিন্ন দপ্তরের খালি পদ পূরণ নিয়ে তিনি বলেন, লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। একই দপ্তরের কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভাবলে হবে না। দেশের কথাও ভাবতে হবে। পাশাপাশি শুধু নিজের কথা নয়, মন্ত্রণালয়ের কথাও ভাবতে হবে এবং কাজ করতে হবে।
এ সময়, সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ,
সমাজসেবা অধিদপ্তরের মহারিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা।










