দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের মোবারকপুর (রসুলপুর) রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিমপাড়ার মনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের অলঙ্গ রায়ের ছেলে সুশান্ত চন্দ্র রায় (৩৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে মোটরসাইকেলটি পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।
পার্বতীপুর রেলওয়ে থানার পরিদর্শক একেএম নুরুল ইসলাম জানান, সকালে দুই মোটরসাইকেল আরোহী রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন। তারা রসুলপুরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।










