খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জন পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ।
গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ইউপিডিএফ-এর সদস্য বলে নিশ্চিত করেছেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, লতিবান ইউপির শান্তি রঞ্জন পাড়াটি দীর্ঘদিন ধরে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ' নিয়ন্ত্রণাধীন রয়েছে। সেখানে আজ সকালে গোলাগুলির শব্দ শোনা গেলেও কে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিক অতর্কিতভাবে এ হামলা চালাতে পারে।
জেলা সংগঠক অংগ্য মারমা জানান, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতেন। ১৩/১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনার জন্য তিনি নব্য ‘মুখোশ বাহিনী’কে দায়ী করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি পালনে যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের প্রতি আহবান জানিয়েছেন অংগ্য মারমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, গোলাগুলির ঘটনাটি শুনেছেন। তবে নিশ্চিত করতে পারেননি। ওসি জানান, শোনা খবরে ঘটনাস্থলের দিকে রওনা করেছে পুলিশ। পৌঁছাতে সময় লাগবে। বিস্তারিত পরে জানানো যাবে।










