বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদত্যাগ করা ৬ সংসদ সদস্যের আসনে ভোট আগামী ১ ফেব্রুয়ারি। এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬টি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৪ জন প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে নয় দলের ২৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরো ২৬ জন।
উপনির্বাচনে প্রার্থী হতে ৫ জানুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৮ জানুয়ারি বাছাইয়ের পর ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ১ ফেব্রুয়ারি ভোট নেয়া হবে ইভিএমে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসনগুলো হচ্ছে, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। ১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ৫০ এর বিষয়ে এ আসনগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়া হয়েছে। তবে, জাতীয় পার্টি থেকে সবগুলো আসনেই প্রার্থী রয়েছে।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে ছয়জনের আসন শূন্য ঘোষণা করে ১১ ডিসেম্বর রাতেই গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আসনে উপ নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।















