ন্যায্য মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন লংলা ভ্যালির চা শ্রমিকরা। আজ মঙ্গলবার বিকালে লাউড়ার স্কুল চৌমুহনী এলাকায় রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তারা মজুরি বাড়ানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে সিলেটের পথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

অবরোধে অংশ নেওয়া চা শ্রমিকরা জানান, এতদিন ধরে ধর্মঘট করছি কিন্তু দাবি মেনে নেয়া হচ্ছে না। তাই আজ তারা রেলপথ অবরোধ করেছে। অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আউটার সিগন্যালে আটকা পড়ে। এর ফলে যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। প্রায় সোয়া ঘণ্টা পর বিকাল ৫টা ২০ মিনিটে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের রেললাইন থেকে তুলে দেয়। এরপর সিলেটের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, চা শ্রমিকরা রেললাইনের ওপরে এসে স্লোগান দিচ্ছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের বুঝিয়ে সরিয়ে দেই।

এদিকে, আজ দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যে গত সোমবার সিদ্ধান্ত হওয়ায় পরও কি কারণে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না বিষয়টি খতিয়ে দেখতে এবং শ্রমিকদের কাজে ফিরে যেতে বাগানে বাগানে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান, জেরিন চা বাগান, কালিঘাট চা বাগান, ফুলছড়া চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এদিকে জেলা প্রশাসকের কথায় আশ্বস্ত হয়ে কাজে যোগ দিয়েছেন জেরিন চা বাগান ও ভাড়াউড়া চা বাগানসহ আরো কয়েকটি বাগানের শ্রমিকরা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী কয়েকদিনের মধ্যে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলে ন্যায্য মজুরি নির্ধারণ করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন তাদের দাবি সব বিবেচনা নেয়া হবে।