চলতি বাজেটে বিড়ির ওপর ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, সপ্তাহে ছয়দিন কাজের ব্যবস্থা, বিড়িতে ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়িকে কুটির শিল্প হিসেবে রাখাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নেত্রকোনা বিভাগীয় রাজস্ব কর্মকর্তার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরারব স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক মো. হারিক হোসেন, নাজিম উদ্দিন, আনোয়ার খান, শ্রমিক লীগ নেতা আশরাফ আলী খান প্রমুখ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্যস্তর ৪ টাকা বাড়ানো হয়েছে। অথচ নিম্নস্তরের সিগারেটে মাত্র ২ টাকা বাড়ানো হয়েছে। মধ্যম স্তরের সিগারেটে কোনো বাড়ানো হয়নি। সমগোত্রীয় পণ্য হওয়া সত্ত্বেও চরম বৈষম্যমূলকভাবে বাড়ানো হয়েছে বিড়ির দাম।