উচ্চ সংক্রমণের ঝুঁকি থাকায় দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এক সপ্তাহের বিধিনিষেধ জারি করেছে ঢাকা জেলা নভেল করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
বুধবার ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।
এ সময় দোহার-নবাবগঞ্জের সঙ্গে নৌ, সড়ক ও স্থলপথে অন্য জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়।
এছাড়া ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান ৫টার পর বন্ধ রাখা, পর্যাপ্ত মাস্ক বিতরণ, অপ্রয়োজনীয় জনচলাচল সীমিতসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
গতকাল প্রথম দিন দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এসব বিধিনিষেধ ছিল উপেক্ষিত।
সরেজমিনে গতকাল ভোর থেকেই দেখা যায়, নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসংখ্য লোকের সমাগম।
অনেকের মুখে মাস্ক নেই।
বেশির ভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি।
সড়কগুলোতে রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশার যানজট।
ট্রাক, ভারী যানবাহনসহ মাঝে মধ্যে একটি-দুটি বাসও চলতে দেখা গেছে।
অধিকাংশ গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
ফলে বিধিনিষেধ জারি করা হলেও নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে বলে মনে করছে স্বাস্থ্য সচেতন মহল।
অপরদিকে নবাবগঞ্জ ও দোহার থানা পুলিশের নেতৃত্বে চলছে প্রধান সড়কগুলোতে টহল।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই নাজমুল আলম বলেন, বিশাল এলাকা, কিন্তু আমাদের জনবল কম।
তার পরও বিধিনিষেধ বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাচ্ছি।










