তরুণদের মাদকাসক্ত করার পেছনে বিশাল সিন্ডিকেট কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সংগ্রাম করতে হলে আগে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তরুণ-তরুণীদের মাদকের হাত থেকে রক্ষা করতে হলে এ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করা জরুরি।
আজ রোববার (২ মার্চ) বিকালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশন প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, মাদক কোম্পানিগুলো সচেতনভাবেই তরুণদের আকৃষ্ট করছে। বিশেষ করে মেয়েদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বাড়ছে। কিন্তু সমাজ এখনো মাদকাসক্ত নারীদের পুনর্বাসন নিয়ে পিছিয়ে রয়েছে। চিকিৎসার পরও সমাজ তাদের সহজে গ্রহণ করতে চায় না। আমাদের দেখতে হবে, তারা সুস্থ হওয়ার পর সমাজে কীভাবে টিকে থাকবে।
তিনি আরো বলেন, মাদকাসক্তরা অপরাধী নয়, বরং পরিস্থিতির শিকার। তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা ঠিক নয়। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
নারীদের পুষ্টিগত চাহিদার বিষয়ে গুরুত্ব দিয়ে ফরিদা আখতার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে, যা পুষ্টির অন্যতম উৎস। কিন্তু আমাদের নারীরা এখনো পুষ্টির দিক থেকে পিছিয়ে। তাই নারীর অধিকারের সঙ্গে পুষ্টির অধিকারের বিষয়টিও সামনে আনতে হবে।
অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন এইচ আহমেদ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. রুবাইয়াৎ ফেরদৌস, ড. রাহেনা বেগম ও ডা. নায়লা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছোনিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।










