ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে মানবদেহের বিপুল পরিমাণ কঙ্কালসহ মো. বাপ্পী (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২টি মাথার খুলি ও এক বস্তা হাড় উদ্ধার করা হয়। সে নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে।

গতকাল সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এ কঙ্কালগুলো উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এগুলো থানায় রাখা হয়েছে।

এদিকে আটককৃত যুবক বাপ্পি জিজ্ঞাসাবাদে জানায়, মানবদেহের হাড়ের এ ব্যবসায় জড়িত রয়েছেন নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার শাকিল নামে আরো এক যুবক। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত রয়েছেন। শাকিল অনেক আগে থেকেই এ ব্যবসায় জড়িত।