অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস বিদেশী কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে।
রোববার (১৮ আগস্ট) চলমান পরিস্থিতি নিয়ে
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের
ব্রিফ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত
দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার
বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা
উপযোগী পরিবেশ তৈরি করা হবে।’
পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের
পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। তিনি দায়িত্ব
নেয়ার পর প্রথমবারের মত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান
উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন, এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক করা। মুহাম্মদ ইউনূস বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
আন্দোলনের সময় ঘটা হত্যাকাণ্ডের নিরপেক্ষ
তদন্তে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলেন, আমাদের নতুন যাত্রা
শুরু হয়েছে। এই দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।










