মাদারীপুরের শিবচরে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন বাড়ির নারিকেল পাড়তেন ও গাছ পরিষ্কার করতেন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি নারিকেল গাছে ওঠেন আব্দুল হক মুন্সী। গাছ পরিষ্কারের সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশী রিপন মাতুব্বর বলেন, আব্দুল হক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে টাকার বিনিময়ে তিনি নারিকেল গাছ পরিষ্কার করতেন ও নারিকেল পেড়ে দিতেন। সকালে বাড়ির পাশে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।










