নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদে স্পিডবোট ও মাছ ধরার নৌকার সংঘর্ষে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে উষামনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন—গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লাইলা আক্তার (৭), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, খালিয়াজুরির পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা। চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির পাশে ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খেলে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। বোটে থাকা ১৫ জন নারী-শিশুর মধ্যে অধিকাংশ সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন পারেননি।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল থেকে ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। দুপুরে উষামনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়। বাকিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
খালিয়াজুরি থানার ওসি মকবুর হোসেন বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান চলছে।










