স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ‘ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে ঢাকা ওয়াসা কাজ করছে। শিগগিরই নগরবাসীর ৬৭ শতাংশ পানির চাহিদা ভূ-উপরস্থ উৎস থেকে সরবরাহ করা হবে।’ 

জাতীয় সংসদে গতকাল সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৪ সালে ঢাকা ওয়াটার সাপ্লাই মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী এরই মধ্যে পাঁচটি পানি শোধনাগার থেকে নগরীতে পানি সরবরাহ করা হচ্ছে, যা বর্তমান চাহিদার ৩৪ শতাংশ। অবশিষ্ট চাহিদার ৬৬ শতাংশ পানি সরবরাহ করা হচ্ছে গভীর নলকূপের মাধ্যমে। মাস্টারপ্ল্যান অনুযায়ী আরো দুটি পানি শোধনাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ দুটি প্লান্ট চালু করা হলে ৬৭ শতাংশ পানি ভূ-উপরিযস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’ 

মন্ত্রী জানান, বর্তমানে শতভাগ নগরবাসী সাতদিন ২৪ ঘণ্টা ঢাকা ওয়াসার নিরাপদ পানি পাচ্ছে। ঢাকা শহরে নিরাপদ পয়োব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ২০১৩ সালে স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে, যার আওতায় এরই মধ্যে পাগলা পয়ঃশোধনাগারের আপগ্রেডেশনের কাজ চলমান আছে এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।