বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে নেপালের কাঠমুন্ডু (২১৭), দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২১০), তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো (২০২)। এ তিন শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৬৭), কাতারের দোহা (১৬৪) এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।















