মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ২টার দিকে শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ও তার পাঁচ কর্মী এবং আওয়ামী লীগ প্রার্থীর চার কর্মী আহত হন। হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ আশরাফুল ইসলামের।
আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী নাজমুল হোসেন (৩৫), উজ্জল
হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকনুজ্জামানকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, দুপুরে তিনি ও তার সমর্থকরা শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে আশরাফুল ইসলামসহ ছয়জন আহত হন। এ সময় হামলাকারীরা আশরাফুল ইসলামের কাছে থাকা নয় রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি চালায়। এদিকে পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী বলেন, নির্বাচনের সময় ব্যক্তিগত বৈধ আগ্নেয়াস্ত্র অবৈধ হিসেবে বিবেচিত। আশরাফুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি জব্দ ও তাকে গ্রেফতারের দাবি জানান তিনি।
এ বিষয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










