এবারের ঈদযাত্রায় কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. শাহাবুদ্দিন খান। রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গতকাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘ফিটনেসবিহীন গাড়িগুলো যেন মহাসড়কে চলাচল না করে এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতা সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদযাত্রায় কেউ পণ্যবাহী কিংবা অন্য কোনো যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপে উঠতে পারবে না। হাইওয়ে পুলিশ এবার সড়কে কঠোর থাকব। যারা অনিরাপদ যানবাহনে যাত্রী ওঠাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়ে এআইজিপি বলেন, ‘হাইওয়ে পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়পূর্বক কাজ করে সেবা প্রত্যাশা নিশ্চিত করতে হবে। মহাসড়কে নিয়ম-শৃঙ্খলা রক্ষায় চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চালকদের যথাযথ সচেতনতাই মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসতে পারে।’

এছাড়া মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দেয়ার পাশাপাশি পণ্য পরিবহনে মালিক-শ্রমিক পক্ষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. তাজুল ইসলাম, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির পরিচালক সৈয়দ মোহাম্মদ বখতিয়ারসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা এবং হাইওয়ে-সংশ্লিষ্ট অংশীজনের বিভিন্ন নেতা ও  হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।