বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ব্রুস বলেন, যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।















