চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩ মামলার আসামি নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের সোহেল খানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে লোহাগড়ার পূর্বদিঘলিয়া গ্রামে তাকে হত্যা করা হয়। সোহেল কুমড়ি গ্রামের বদির খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোহেল স্ত্রীসহ তার শ্বশুরবাড়ির উঠানে বসে গল্প করছিলেন। বাড়ির পাশে হঠাৎ শব্দ পেয়ে সেদিকে যান তিনি। এ সময় পাঁচ থেকে সাত দুর্বৃত্ত সোহেলকে কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাজিয়া সুলতানা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সোহেলের স্ত্রী। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।