ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২
নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ ও চারজন নিখোঁজ হন। এ ঘটনায় আজ
রোববার (২ জুলাই) সকাল ৯টা থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
উদ্ধারে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টর্গাড
ডুবুরি দল ও বিআইডব্লিউটিএর কর্মীরা।
এরই মধ্যে জাহাজে থাকা ১১ লাখ লিটার তেলের
ছয় লাখ লিটার অপসারণ সম্ভব হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত সরানো হয়
চার লাখ লিটার তেল।
নিখোঁজ চারজনের মধ্যে জাহাজের মাস্টার
রুহুল আমিন খান, চালক একরাম হোসেন, সুপারভাইজার মাসুদুর রহমানের পরিচয় পাওয়া গেছে।
এছাড়া চালকের সহকারীর পরিচয় জানা যায়নি।
নিখোঁজদের আত্মীয়রাও সুগন্ধা নদীতে ট্রলার
নিয়ে অনুসন্ধানে অংশ নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর
নন্দিনী-২ ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ের ডিপোতে খালাস করার জন্য ১১ লাখ লিটার পেট্রোল
ও ডিজেল নিয়ে আসে।
জাহাজটি নোঙর করা অবস্থায় গতকাল দুপুর
২টার দিকে হঠৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর দ্রুত পুরো জাহাজে আগুন ছড়িয়ে যায়। বর্তমানে
বরিশালে চিকিৎসা নিচ্ছেন আহত শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭),
ও মাইনুল ইসলাম হৃদয় (২৯) ।
বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশন অফিসার
মো. শাফয়েত বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তেল অপসারণের কাজ
চলছে।










