খাগড়াছড়ি শহরের উপালি পাড়া এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের ভেতর আটকা পড়ে মাওশ্রিজিতা দেওয়ান (৩৩) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়ির অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও মেয়ে মাওশ্রিজিতা ঘর থেকে বের হতে পারেননি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, পুলিশ সুপার আব্দুল আজিজ।