রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে পাঁচটি বসতঘর ভেঙে পড়েছে। এতে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। আজ শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা ৮ নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছে রদিন ত্রিপুরা, দজেন ত্রিপুরা, অলি বসন ত্রিপুরা, রনিল কান্তি ত্রিপুরা ও মুহিন ত্রিপুরার পরিবার। ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে তাদের কারো ঘরের ছাউনি ভেঙে গেছে, কারো পুরো ঘর ধসে পড়েছে। এতে তাদের ঘরের আসবাবপত্র ও খাদ্যসামগ্রী, বিশেষ করে ধান ভিজে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টিতে পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত কোনো মানুষ হতাহত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খুবই গরিব। ঘরবাড়ি হারিয়ে এখন তারা চরম দুর্ভোগে রয়েছে। তাদের সহায়তা প্রয়োজন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, এ ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি। তবে খোঁজখবর নিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু পারা যায় সহযোগিতা করা হবে। ধারণা করা হচ্ছে, ঘরগুলো বাঁশ ও মাচাং পদ্ধতিতে তৈরি হওয়ায় ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে।