পাবনায় খালে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলার চাটমোহর ও সাঁথিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। খালে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও হৃদয় হোসেনের ছেলে নাঈম ওরফে রিয়াদ (৫)। অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিশু হলো সাঁথিয়া উপজেলার হাড়িয়াকাহন গ্রামের লোকমান মণ্ডলের ছেলে জেলহক হোসেন (১৪)। 

চাটমোহরে মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের খালের পাশে খেলা করছিল নাহিদ ও রিয়াদ। একপর্যায়ে দুজনই খালে গোসল করতে নেমে ডুবে যায়। দীর্ঘসময় বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পানিতে রিয়াদ ও নাহিদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন।

এদিকে সাঁথিয়া উপজেলার হাড়িকাহন গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদরাসাছাত্র হাফেজ জেলহক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মৃত হাফেজ জেলহকের চাচা আবু হানিফ মণ্ডল বলেন, ‘‌গতকাল বেলা ১১টার দিকে হাড়িয়াকাহন-শিবরামপুর উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের ছাদে উঠে আম পাড়ছিল হাফেজ জেলহক। এ সময় বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেলহককে মৃত ঘোষণা করেন।