কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকের উন্নতি না হলে কৃষির উন্নতি হবে না। আর কৃষির উন্নতি না হলে দেশের উন্নতি সম্ভব নয়। কৃষির উন্নতি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্বাধীনতার সময় জনসংখ্যা ছিল মাত্র ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে। কিন্তু আবাদযোগ্য জমি বাড়েনি। এ কম জমিতে ১৭ কোটি মানুষের খাদ্য উৎপাদন হচ্ছে। কৃষি দেশের সবচেয়ে বড় সম্পদ। এই খাতের সঠিক মূল্যায়ন করতে সরকার কাজ করছে।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, বন্যাকবলিত এলাকায় কৃষকদের বীজ, চারা ও নগদ অর্থ পাঠানো হয়েছে। ধান নষ্ট হওয়া এলাকায় আমনের চারা উৎপাদন করে দেয়া হয়েছে। ২২ তারিখের পর আমন চাষ সম্ভব না হলে সেসব জায়গায় সরিষাসহ অন্যান্য ফসল চাষের ব্যবস্থা করা হচ্ছে।
বাজার সিন্ডিকেট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেবে।
আসন্ন দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। তিনি বলেন,"এবার পূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও এয়ারফোর্স মোতায়েন করা হয়েছে।
এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুব আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এবং বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ) পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।










