ফরিদপুরের সদরে একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়াইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার জোয়ার সদ্দার, ইমান সদ্দার, ও দিপা, সদর উপজেলার চাঁদপুরের ভারতী সরকার ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের পুত্র আজিবর।
স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফারিয়া পরিবহন নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়।এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, গাড়িটি দ্রুতগতির ছিল। একই সঙ্গে আরেকটি দ্রুতগামী যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।










