পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাটের রূপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত ভ্লাদিমির শভেট (৫২) প্রকল্পের নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আহত তাজিকিস্তানের নাগরিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম। তিনি জানান, প্রাথমিক তথ্যে যেটুকু জানা গেছে সেটি হচ্ছে আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমিরের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বেলারুশের নাগরিক।










