লালমনিরহাটের কালীগঞ্জে কৃষকের ৩৫২টি মাল্টা গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় এলাকার মমিনুর ইসলাম ও আমিনুর রহমানের মাল্টা এবং পেঁপে বাগানে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাগান মালিক মমিনুর ইসলাম ও আমিনুর রহমানের অভিযোগ।

সরেজমিনে জানা গেছে, কাকিনা ইউনিয়নের উত্তর গোপাল রায় এলাকার হক নার্সারির প্রতিষ্ঠাতা নুরুল হকের দুই ছেলে মমিনুর ইসলাম ও আমিনুর রহমান সুকানদীঘি (পাঁচমাথা) এলাকার স্থানীয় রেজাউল ইসলামের ১৬২ শতাংশ জমি ২০২১ সালের জানুয়ারি মাসে ২০ বছরের জন্য লিজ নেন দুই ভাই। একই বছরে ওই জমিতে ৬০০ মাল্টা ও ৬০০ পেঁপে গাছের চারা লাগিয়ে একটি বাগান গড়ে তোলেন কিন্তু সোমবার রাতে এ বাগানের ৩৫২টি মাল্টা গাছ শত্রুতা করে কে বা কারা কেটে দিয়েছে।

বাগান মালিক মমিনুর ইসলাম বলেন, আমি গতকাল সকালে আটজন শ্রমিক সঙ্গে নিয়ে বাগানে সার দেয়ার জন্য যাই। বাগানে গিয়ে দেখি মাল্টা গাছগুলো শোয়ানো। কাছে গিয়ে দেখতে পাই কে বা কারা কেটে দিয়েছে। কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, এ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।