ছুটির দিন সাধারণত রাজধানীতে যানবাহন কম চলে। কলকারখানাও বন্ধ থাকে অনেক। ঢাকার বায়ুদূষণের দুটি বড় উৎস এই যানবাহন আর কলকারখানার দূষিত ধোঁয়া। তবে এসব উৎস বন্ধ থাকার পরও ঢাকার বায়ু আজ শুক্রবার মারাত্মক দূষিত। আজ সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা ভারতের দিল্লির পরই রয়েছে ঢাকা। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান ২৩৬। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। নগরীর ৯টি স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ। সেসব এলাকায় গেলে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি।
শুক্রবার (৫ ডিসেম্বর)) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৭০ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর দূষণ স্কোর ২৩০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।










