নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব নেই বরং নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা আছে
বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা
হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় এ কথা বলেন তিনি।
আইভী বলেন, তিনি উন্নয়নের রাজনীতি করেন, তাই সাধারণ ভোটাররা তার উন্নয়নের
রাজনীতির সঙ্গে আছেন। ভোটাররা তার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন।শামীম ওসমানের প্রসঙ্গে
এ মেয়র প্রার্থী বলেন, তার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বরং দুজনের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা
রয়েছে। তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা গত নির্বাচনেও তার পক্ষে ছিলেন, এখনো আছেন বলে
জানান আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।
নিজের নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার
জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী, এ কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক
দলসহ সবার ভোট প্রত্যাশা করেন। তৈমুর বলেন, বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা মনে করেন
তিনি তাদের আশ্রয়স্থল। রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলি ও পুলিশের মার খেতে হয়েছে। কিন্তু
তারপরও জনগনের পক্ষে কথা বলেছেন তিনি। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ভোটাররা
হাতি প্রতীককে ভোট দিবেন বলে প্রত্যাশা তার।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী সেলিনা হায়াত্ আইভী ও তৈমুর আলম
খন্দকার আজও একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি
অভিযোগ করেছেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড,
পাঠানটুলি, এসি আই পানিরকলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথ সভা করেন।
অপর দিকে তৈমুর আলম খন্দকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিটি কর্পোরেশনের
সাত নম্বর ওয়ার্ডের কদমতলী, ভান্ডারীরপুর, নয়াপাড়, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ
করেন।










