চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে সংস্থাটি ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্বব্যাংকের প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্পের প্রবৃদ্ধি কমে যেতে পারে। এছাড়া সাম্প্রতিক বন্যার কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। সংস্থাটি এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৫ দশমিক ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও বর্তমানে সেটি কমিয়ে ৫ দশমিক ২ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ এশিয়া অঞ্চলের গড় জিডিপি প্রবৃদ্ধির তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি কম হবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আলোচ্য দুই অর্থবছরে দক্ষিণ এশিয়া অঞ্চলে গড়ে ৬ দশমিক ৪ ও ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।