বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ীতে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একটি শিশু। গতকাল ভোরে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫ ), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত শিশু সোনিয়া আক্তার (১০) সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রহমত আলীর জমিতে সাত বছর আগে ঠেলাগাড়িচালক ফয়জুর রহমান ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। তিনি ঘর তৈরির আগে ১০-১৫ ফুট ওপর দিয়ে ১১ হাজার কেভি বিদ্যুতের লাইন ছিল। গতকাল ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের ওপর পড়লে ফয়জুর রহমানসহ পাঁচজন মারা যান।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘ঘটনা খতিয়ে দেখতে ঢাকা থেকে একটি এবং মৌলভীবাজার সমিতির পক্ষ থেকে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
পুলিশ সুপার মনজুর রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত কার্যক্রমে তারা সব রকমের সহায়তা করবেন।










