মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পৌর মার্কেট, শহীদ সরণি সড়ক ঘুরে জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শিরিন সুলতানার নেতৃত্বে শোভাযাত্রায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রশিক্ষক শেখ মাজরুল ইসলামসহ আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন। পরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বর, সিভিল সার্জন কার্যালয় ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণের আশপাশে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়।
জেলা কমান্ড্যান্ট শিরিন সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করি, এডিস মশা প্রতিরোধ করি—এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে জেলা ও উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম নেয়া হয়েছে।’










