গতকাল সচিবালয়ে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ-সংক্রান্ত এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে। তিনি বলেন, ভাড়া নিয়ে বিস্তারিত আলোচনা হলেও বিভিন্ন দিক পর্যালোচনার কারণে সিদ্ধান্ত নিতে আরো কিছুটা সময় লাগছে।
গত ১৮ এপ্রিল রাতে ডিজেলের দাম বৃদ্ধির ঘোষণার পর ‘যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বর্তমানে দূরপাল্লার রুটের বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা, মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ এপ্রিল বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর সে সময় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমানো হয়।










