ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজ শনিবার সকাল থেকে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সব সমূদ্রবন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

জানা গেছে, সকাল থেকে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বেকায়দায় পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষকে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কি.মি. মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৮৫ কি.মি. এবং পায়রা সুমদ্র বন্দর থেকে ৮৯৫ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

ঘূণিঝড়ের প্রভাবে দেশের সব সমূদ্রবন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।