ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তরিকুল ইসলাম সুমন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে শহরের হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটে।

সুমনের পরিবারের দাবি, প্রতিপক্ষ মুন্না বাহিনী প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের কর্মী তরিকুল ইসলাম সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আরেক কর্মী দিদারুল আলম মুন্নার বিরোধ চলছিল। গতকাল রাত ১০টার দিকে সুমন দুই সঙ্গী জাফর ও মিলটনকে নিয়ে মোটরসাইকেলে শহরের হাইস্কুল সড়কে গেলে মুন্নার নেতৃত্বে ৮-১০ জন যুবক এলোপাথাড়ি কুপিয়ে সুমনকে আহত করে।

একপর্যায়ে দৌড়ে একটি তেলের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে সুমনকে দ্বিতীয় দফায় কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুন্নাকে মোবাইলে পাওয়া যায়নি।

এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে জড়িতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।