নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬), একই গ্রামের আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৭০)। আহতদের মধ্যে কয়েকজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। সকালে গোলাগুলির একপর্যায়ে দুই পক্ষের চারজন নিহত হন।
রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।










