সিরাজগঞ্জে সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত পরিবেশবান্ধব ‘ডিজিটাল ডাস্টবিন’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অবস্থিত ভাসানী কলেজের সামনে ‘নগর সাফ সৌধ’ নামে এ ডিজিটাল ডাস্টবিনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনিরুজ্জামান।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ নুরুল হক, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া প্রমুখ।

ডাস্টবিনের উদ্ভাবক স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ সম্পাদক মোস্তফা কামাল বলেন, পৌরসভার উদ্যোগে ভাসানী কলেজের সামনে এ ডাস্টবিনটি স্থাপন করা হয়েছে। এছাড়া ছোট-বড় আরো চারটি ডিজিটাল ডাস্টবিন সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে স্থাপনের জন্য অর্ডার দিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা।

প্রসঙ্গত, সাংবাদিক মোস্তফা কামালের প্রতিষ্ঠান তারা মটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থায় এ নগর সাফ সৌধ (ডিজিটাল ডাস্টবিন) মেশিনটি নির্মাণ করা হয়েছে। ডাস্টবিনে ফেলা আবর্জনা বাইরে থেকে দেখা যাবে না, এমনকি দুর্গন্ধও ছড়াবে না। মাত্র একজন কর্মী একটি ড্রাম ট্রাক নিয়ে এই ডাস্টবিন থেকে স্বয়ংক্রিয়ভাবে ময়লা পরিবহন করতে পারবেন।