সিলেটের জৈন্তাপুরে দাঁড়িয়ে থাকা তিন মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় দুজন এবং গাইবান্ধা, ঝিনাইদহ, রাজশাহী, চট্টগ্রামের মিরসরাই ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

সিলেট: জৈন্তাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা তিনটি মোটরসাইকেলে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে শিহাব (২২) নামে একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সাল রেজা (১৯) ও পাভেল (১৯) নামে আরো দুজন। শিহাব জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে, ফয়সাল রেজা উপজেলার এম লিয়াকত আলীর ছেলে ও পাভেল মোকামবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোকামপুঞ্জি গ্রামের খাট খাসিয়া ছেলে আর্মি খাসিয়া (১৭)।

সাতক্ষীরা: জেলার আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসাদুল ইসলাম নামে আরো এক রিকশাচালক। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকারটি ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালক নিহত হন।

ঝিনাইদহ: কালীগঞ্জে ট্রাকচাপায় সাহেদ আলী (২০) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে।

রাজশাহী: দুর্গাপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক পরীক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাফিজ (১৭) দুর্গাপুর উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওহাদের ছেলে।

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত পিকআপ থেকে পড়ে শান্ত সানা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। শান্ত সানা খুলনার পাইকগাছা থানার বাইনবাড়ীয়া এলাকার শ্যামল কান্তি সানার ছেলে।

কক্সবাজার: উখিয়ার কুতুপালং স্টেশনে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরো পাঁচজন। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত মো. ইদ্রিস ওরফে মৌলভী ইদ্রিস (৪৭) উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের সৈয়দ আহমদের ছেলে।