চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে হোসেন আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ ডিসেম্বর) নাচোল রেলস্টেশনে কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ওই বৃদ্ধ আজও চা পান করতে স্টেশনে এসেছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন হোসেন আলী। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিষয়টি জানানো হয়েছে।










