স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সীমান্তে অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন। ওই সময়ে ভারতের মাটিতে যেসব শহীদ বীর মুক্তিযোদ্ধাকে কবর দেয়া হয়েছিল, সেসব শহীদ মুক্তিযোদ্ধার কবর শনাক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে আনবে সরকার।

গতকাল দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকার ভাটিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

র্যাব-১৩ রংপুরের অধিনায়ক আরাফাত ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি, র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান, লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টিএমএ মোমিন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।