কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি
এলাকায় রেল সেতু দেবে যাওয়ায় এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্য রাতে খবরটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের
স্টেশন মাস্টার মো. সামসুযোহা। আজ শনিবার সকাল ৯টা নাগাদও যোগাযোগ পুনঃস্থাপন করা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের
ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রাত থেকে এ রুটে চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম
থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন
থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের
যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। কুড়িগ্রাম জেলা শহরের হাসিবুর গতকাল জানান, আমি ঢাকা যাওয়ার
জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট কিনেছি। কিন্তু আজ জানতে পারলাম ট্রেন চলাচল বন্ধ
রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট
যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এত সকালে গিয়ে কীভাবে ট্রেন ধরব টেনশনে আজ রাতে
ঘুমে হবে না।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার
মো. সামসুযোহা জানান, রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল
বন্ধ রয়েছে।
তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু
মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন
ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।










