দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও
অতিবৃষ্টিতে সৃষ্ট আকষ্মিক বন্যার কারণে বৃহস্পতিবার ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করেছিল
রেলওয়ে। আজ শুক্রবারও (২৩ আগস্ট) পূর্বাঞ্চলে কোনো ট্রেন পণ্য ও যাত্রী পরিবহন করেনি।
তবে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আগামীকাল ঢাকা থেকে লাকসাম-আখাউড়া পর্যন্ত
তিন জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম
রুটের মহানগর গোধুলী ট্রেনটি যে সময়ে লাকসাম থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যায় সেই সময়ে
শুধুমাত্র আগামীকাল ঢাকায় যাত্রী পরিবহন করবে। একইভাবে সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী
ট্রেনের সময়ে ট্রেনটি লাকসাম পর্যন্ত যাত্রী পরিবহন করবে। অপরদিকে উপকূল এক্সপ্রেস
ট্রেনটি ঢাকা-নোয়াখালীর পরিবর্তে ঢাকা-লাকসাম-ঢাকা এবং বেসরকারি খাতে পরিচালনাধীন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল ঢাকা-আখাউড়া-ঢাকায় উভয়মুখে যাত্রী পরিবহন
করবে।
রেলওয়ে এক কন্ট্রোল আদেশ সূত্রে জানা গেছে,
৭০৪ নং ট্রেনের (মহানগর প্রভাতী) রেক দিয়ে মহানগর এক্সপ্রেস নামে ৭০৩/৭০৪ এর পাতে শুধুমাত্র
২৪ আগস্ট যাত্রী পরিবহন করবে। ৪ নং কর্ণফুলী এক্সপ্রেসের রেক দিয়ে ৩ নং আপ ট্রেন এবং
৪ নং ডাউন ট্রেন ঢাকা-আখাউড়া-ঢাকা সেকশনে শুধুমাত্র ২৪ আগস্ট যাত্রী পরিবহন করবে। অপর
দিকে ৭১১/৭১২ নং উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-নোয়াখালী-ঢাকার পরিবর্তে ২৪ আগস্ট শুধুমাত্র
লাকসাম-ঢাকা-লাকসাম রুটে যাত্রী পরিবহন করবে। এক্ষেত্রে লাকসাম স্টেশনে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন থাকায় ট্রেনগুলোর ওয়াটারিং করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এ সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, ২২ আগস্ট
পূর্বাঞ্চলের ২৬টি ট্রেন বাতিল করা হলেও শুক্রবার ২৯টি ট্রেন পরবর্তী নির্দেশ না দেয়া
পর্যন্ত যাত্রা বাতিলের নির্দেশনা দেয়া হয়। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট,
চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর, চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-ভূয়াপুর
রুটের সেকশনে মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। অতিবৃষ্টির কারণে ফাজিলপুর-কালিদহ
সেকশনের নিচ থেকে মাটি, পাথরসহ স্লিপার সরে গিয়ে রেল লাইন বেঁকে যায়। চট্টগ্রাম-নাজিরহাট-
দোহাজারী-কক্সবাজার সেকশনেও একইভাবে মাটি সরে গিয়ে লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর
বাইরে শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের একটি
রেলসেতুর গার্ডার পর্যন্ত পানি উঠে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেছে।
জানতে চাইলে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন
কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে পূর্বাঞ্চলের
বেশ কিছু সেকশনে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে বুধবার থেকে অনেকগুলো ট্রেনের
যাত্রা বাতিল করা হয়। কিন্তু দূর্যোগেও মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে লাকসাম,
আখাউড়া থেকে আগামীকাল তিনজোড়া ট্রেন ঢাকায় যাত্রী পরিবহন করবে। পরিস্থিতি বিবেচনায়
এই ট্রেনগুলোর সময় পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে। এরই মধ্যে অনলাইনে ট্রেনগুলোর টিকিট
উন্মুক্ত করা হয়েছে।










