জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়নে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার নারী, বিরোধীদলীয় সংসদ নেতা নারী, ৫০ জনের ওপর সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য রয়েছে। শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন সচিব-উপসিচব ও জেলা-উপজেলা পযার্য়ে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে জায়গা করে দেয়া হয়েছে। শুধু প্রশাসন ও জনপ্রতিনিধি নয়, নারীরা সামরিক বাহিনীতেও বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে।

গতকাল বিকালে মেহেরপুরের মুজিবনগর মিনি সংসদ ভবনে যুব মহিলা লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন। সভায় মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম।

সভায় মন্ত্রী বলেন, আজ সামরিক ও বিমান বাহিনীর বিভিন্ন পদে নারীরা কমান্ড দিচ্ছে। এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি নারীদের এগিয়ে নিতেই বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তার পরামর্শে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুব মহিলা লীগের নেত্রীরা।