আজ রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।

সভায় আগামী সপ্তাহের মধ্যে সারা দেশে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই ও প্রণয়নের কাজ সম্পন্ন করার এবং যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য নীতিমালা গঠনের প্রস্তাব গৃহীত হয়। এ লক্ষ্যে গঠিত কমিটিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।