চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুরে ইটবোঝাই দ্রুতগতির ট্রাক্টরের চাপায় কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার সামসুল আলম (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কে মর্ডান ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামসুল আলম উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের ইছারদ্দির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সামসুল আলম কুনিয়া চাঁদপুর মাদ্রাসা থেকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তারপুর ও কোমরপুর গ্রামের মাঝামাঝি স্থানে মর্ডান ইটভাটার সামনে একটি ইটবোঝাই দ্রুতগতির ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা লাগে। এ সময় সামসুল আলম পিচঢালা সড়কে ছিটকে পড়ে গেলে তার মাথার ওপর দিয়েই ট্রাক্টরের চাকা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াসিম আলী বলেন, তার মাথায় আঘাত লেগেছিল।হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










