টানা তিনদিন অস্বাভাবিক হারে বাড়ার পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমতে শুরু করেছে। হঠাৎ পানি বৃদ্ধিতে নদীতীরবর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গতকাল সকালে পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সকাল ৯টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল কমেছে ৮ সেন্টিমিটার। বর্তমানে ওই পয়েন্টে পানির উচ্চতা ১৯ দশমিক ৭২ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। যেখানে বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ‘গত তিনদিনে পদ্মা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বেড়েছিল। এর মধ্যে প্রথম দিনেই অর্থাৎ বুধবার এক লাফে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়, যা ছিল বেশ অস্বাভাবিক। এরপর বৃহস্পতি ও শুক্রবারও পানি সামান্য করে বাড়তে থাকে। তবে গতকাল থেকে পানি কমার প্রবণতা দেখা দিয়েছে। বর্তমানে বিপৎসীমার অনেক নিচে পানি থাকলেও যেভাবে হঠাৎ করে বেড়েছিল, তা স্বাভাবিক নয়। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পানি বৃদ্ধির কারণে পদ্মাপাড়ের নাচোল, শিবগঞ্জ ও সদর উপজেলার কিছু নিম্নাঞ্চলে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে চরে বসবাসরত মানুষ আতঙ্কে ঘরের জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে রাখেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজান থেকে নেমে আসা ঢলে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে পদ্মায় পানির হঠাৎ বৃদ্ধি ঘটে। তবে বৃষ্টিপাত না থাকায় এবং উজানের পানিপ্রবাহ কমে আসায় নদীর পানি এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে।










